
গ্রুপ পর্বের শেষ ম্যাচেও জিতল বাংলাদেশের মেয়েরা। আজ টি-টুয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে কাঠমান্ডুর আপার মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে আয়ারল্যান্ডকে ৯ রানে হারিয়েছে বাংলাদেশ।
টসে
জিতে ব্যাটিং করতে নেমে নিগার সুলতানার দল ২০ ওভারে ৭ উইকেটে তোলে ১৫৩ রান। জবাবে আয়ারল্যান্ডের
মেয়েরা ২০ ওভার ব্যাটিং করে ৪ উইকেট হারিয়ে ১৪৪ রান তুলতে পারে। তাতে গ্রুপ পর্বে ৪
ম্যাচের ৪ টিতে জিতল আগেই সুপার সিক্স নিশ্চিত করা বাংলাদেশ।
১৫৪
রানের লক্ষ্যে আইরিশদের শুরুটা হয়েছিল দুর্দান্ত। ওপেনার অ্যামি হান্টার যখন রিটায়ার্ড
হার্ট হয়ে মাঠ ছাড়েন, স্কোরবোর্ডে আইরিশদের রান ৭.৩ ওভারে ৫৩ রান। ১০.৪ ওভারে ৭১ রান
তোলার পর দলটি হারায় প্রথম উইকেট।
হান্টারের
বদলে মাঠে নামা ওরলা প্রেন্ডারগাস্ট ১২ রানে আউট হন। অধিনায়ক ও ওপেনার গ্যাবি লুইস
৫৮ বলে ৭৩ রানের ইনিংস খেলেন। এরপরও তারা জিততে পারেনি বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত
বোলিংয়ে। শেষ ৪ ওভারে দলটির দরকার ছিল ৪৩ রান। হাতে ছিল ৮ উইকেট। এই সমীকরণ মেলাতে
পারেনি তারা।
এর আগে
টসে জিতে ব্যাটিং নেওয়া বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। ১১ রান করে দলীয় ১৩ রানে ফেরান
ওপেনার জুরাইয়া ফেরদৌস। তবে দ্বিতীয় উইকেট জুটিতে ৭০ রানের তোলেন দিলারা আক্তার ও শারমিন
আক্তার। ওপেনার দিলারা আউট হন ২৭ বলে ৩৫ রান করে। ফিফটি পান শারমিন (৪৫ বলে ৫২ রান)।
বিশ্বকাপ বাছাইয়ে এটি তাঁর দ্বিতীয় ফিফটি। অধিনায়ক নিগার সুলতানা করেন ১৩ বলে ১৩ রান।
শেষ দিকে ১৬ বলে ৩০ রানের ইনিংস খেলেন সোবহানা মোস্তারি। ১৫৩ রানের সংগ্রহ পায় বাংলাদেশের
মেয়েরা।